গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং অন্যজন শ্রীপুরে পথচারী হিসেবে গাড়ির চাপায় প্রাণ হারান।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাঁরা টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি মাকসুদুল আলম আরও জানান, তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেইট এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মুরগির খাবার পরিবহনকারী একটি গাড়ির চাপায় মৃত্যু হয় সিদ্দিকুর রহমান সিদ্দিকের (৪৫)। তিনি শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম জানান, সিদ্দিকুর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন