চাঁদপুর সদরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার দ্বিতীয় তলার আবাসিক কক্ষে জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনায় আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
শুক্রবার রাতে সংঘটিত এই অগ্নিসংযোগের ঘটনায় শনিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার। তাঁর বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক তিনটার দিকে দ্বিতীয় তলার আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে পেট্রলভর্তি বোতলজাতীয় বস্তু ভেতরে ছোড়া হয়।
এতে কক্ষটিতে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কক্ষের আসবাবপত্র, কাপড়চোপড় ও ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শাখা অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, রাতে জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবির এবং সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন