ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা এবং মালামাল ক্রোক করা হবে। শনিবার মালিবাগে সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হয়। প্রশাসক জানান, যানজট, যত্রতত্র ময়লা ফেলা ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির বড় অংশের দায় অবৈধ হকার ও ভাসমান দোকানের। ঢাকাবাসী ও সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।

মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই বলে স্পষ্ট করেন আবদুস সালাম। তিনি জানান, ডিএসসিসি নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসানো হলে মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে শেষ হয়। এ সময় প্রশাসক জমে থাকা বর্জ্য পরিষ্কার এবং অবৈধ দোকান অপসারণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত পরিষ্কার রাখা, মশক নিধন এবং পথচারীদের চলাচলে বাধা দূর করার কার্যক্রম পরিচালনা করা হয়।