বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল। কিন্তু শুরু থেকেই নানা সমালোচনার শিকার হয়ে আসছে টুর্নামেন্টটি। ম্যাচ ফিক্সিং, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে গড়িমসি, উইকেট, প্রযুক্তির অপ্রতুলতা, নিম্নমানের সম্প্রচার, খেলোয়াড়-কর্মকর্তাদের অশালীন আচরণ-এসব নানা কারণে বারবার বিপাকে পড়েছে আয়োজকরা।
১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। এবার কি সমালোচনামুক্ত বিপিএল দেখা যাবে? আয়োজকরা আশাবাদী হলেও শঙ্কাটাও একেবারে উড়িয়ে দিতে পারছেন না।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আশা তো করছিই (সমালোচনামুক্ত বিপিএল)। একটা টুর্নামেন্ট চালাতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’
আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানসহ একাধিক তারকা ক্রিকেটার। তারা নিজেদের মেলে ধরতে পারবেন বলেই বিশ্বাস নান্নুর।
তিনি বলেন, ‘ওরা তো পেশাদার ক্রিকেটার। ওরা নিজেকে নিজের মতো তৈরি করছে। একটা টুর্নামেন্ট না গেলে তো বুঝতে পারবে না কে কোন অবস্থায় আছে। বিপিএলটা অনেক বড় টুর্নামেন্ট। আশা করছি সবাই নিজেদের মেলে ধরতে পারবে।’
নির্বাচকদের বাড়তি দৃষ্টি থাকবে সাকিবের দিকেও। খেলার মাঠ থেকে তিনি যে রাজনীতির মাঠেও ঢুকে পড়েছেন। কদিন আগে সাংসদ নির্বাচিত হয়েছেন তারকা এই অলরাউন্ডার। বিপিএল সামনে রেখে এখন আবার মনোযোগী হয়েছেন ক্রিকেটে।
নান্নু বলেন, ‘প্রথমে ওর প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে। দায়িত্ব আরও বেড়ে গেছে। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্যও কাজ করতে হবে। সে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে মানিয়ে নিয়ে বিপিএলটা ভালো শুরু করতে পারবে। মাঝে ইনজুরিতে ছিল। তবুও আশা করি, সে নিজেকে মেলে ধরবে।’




মন্তব্য করুন