নির্বাচনে অংশ নিতে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
ঘোষিত প্যানেলে শিবিরের নিয়মিত নেতাকর্মীদের পাশাপাশি দুইজন ব্যতিক্রম প্রার্থীকে স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক চোখ হারানো খান জসিম। তাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরজন হলেন বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম, যিনি সদস্য পদে প্রার্থী হয়েছেন।
এছাড়া ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। জিএস পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ।
মনোনয়ন ঘোষণার সময় শিবিরের নেতারা দাবি করেন, তাদের প্যানেলে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে জসিম ও রাইসুলকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত, যা শিক্ষাঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রক্রিয়া চলমান থাকলেও ইতিমধ্যেই শিবিরের এই ব্যতিক্রমী প্রার্থী তালিকা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




মন্তব্য করুন