গুগল সম্প্রতি বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সাম্প্রতিক সময়ে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটায় অ্যাকাউন্ট সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

জুলাইয়ের শেষ সপ্তাহে এবং এরপর ৮ আগস্ট গুগল প্রায় ২৫০ কোটি ব্যবহারকারীর কাছে সতর্কতামূলক নোটিফিকেশন পাঠায়। সেখানে জানানো হয়, হ্যাকারদের ফিশিং কার্যক্রম বেড়েছে এবং এর মূল লক্ষ্য হচ্ছে লগইন তথ্য হাতিয়ে নেওয়া। এর আগেই এক গবেষণায় প্রকাশ পেয়েছিল, একটি উন্মুক্ত ডেটাবেসে অন্তত ১৮৪ মিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়েছে, যার একটি বড় অংশ গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত।

পরিস্থিতি আরও জটিল হয় যখন গুগল থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ জানায়, তাঁদের একটি কর্পোরেট সেলসফোর্স সার্ভার হ্যাক হয়েছে। এতে ব্যবসায়িক তথ্য প্রকাশ পেলেও বেশিরভাগ তথ্য আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এ হামলার পেছনে ‘ইউএনসি৬০৪০’ নামের সাইবার গ্রুপ জড়িত বলে জানিয়েছে গুগল। একই সঙ্গে আরেকটি হ্যাকার গ্রুপ ‘ইউএনসি৬৩৯৫’-এরও সন্ধান মিলেছে, যাদের কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে গ্রাহকদের।

Facebook Comments Box