২০ সেপ্টেম্বর ২০২৫, যুক্তরাষ্ট্র — কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এবার স্মার্টফোন ও কম্পিউটারের বিকল্প হিসেবে একটি নতুন এআই ডিভাইস আনতে যাচ্ছে, যা পকেটেই রাখা যাবে।
এই ডিভাইসটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং এটি প্রসঙ্গ বুঝে কাজ করতে সক্ষম (context-aware)। এটি সরাসরি ওপেনএআইয়ের শক্তিশালী এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে ব্যবহারকারীরা স্মার্টফোন ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পাবেন।
ডিভাইসটি তৈরির জন্য ওপেনএআই অ্যাপলের আইফোন ও এয়ারপডের প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাক্সশেয়ারের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি, চীনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোয়েরটেকের সঙ্গে যোগাযোগ করেছে, যারা অ্যাপলের হোমপড ও ওয়াচের উপাদান সরবরাহ করে। গোয়েরটেক এই নতুন ডিভাইসে স্পিকার মডিউলসহ গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করবে।
এই প্রকল্পকে ওপেনএআইয়ের সবচেয়ে বড় ও সাহসী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এটি তাদের প্রথম নির্দিষ্ট হার্ডওয়্যার, যা স্মার্টফোন বা পিসির ওপর নির্ভর না করে কাজ করবে।
এর আগে ওপেনএআই ৬৫০ কোটি ডলারে আইফোনের প্রখ্যাত ডিজাইনার জনি আইভের হার্ডওয়্যার স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’ অধিগ্রহণ করে। বর্তমানে জনি আইভ এই প্রকল্পের সৃজনশীল নেতৃত্বে রয়েছেন এবং তার সাবেক অ্যাপল ডিজাইন দল এই ডিভাইসের নকশা ও কার্যকারিতা নির্ধারণে কাজ করছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে প্রথম ডিভাইসটি বাজারে আসবে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আশা করছেন, তারা এই এআই ডিভাইসের ১০ কোটির বেশি ইউনিট বিক্রি করতে পারবেন।




মন্তব্য করুন