শারজাহে শুক্রবার রাতে এক নাটকীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় জাকের আলি অনিকের নেতৃত্বাধীন দল।

শুরুতেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন মাত্র ২ রান করে ফিরলে চাপ বাড়ে। এরপর সাইফ হাসান ও জাকের আলি অনিক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সাইফ ১৮ রানে বিদায় নিলেও জাকের লড়াই চালিয়ে যান। তবে ২৪ রানে ৩ উইকেট হারানোর পর শামীম-জাকের জুটি দলকে সামলে নিলেও দুজনই দ্রুত আউট হলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

১০৫ রানে ৫ উইকেট হারানোর পর সোহান দলের হাল ধরেন। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও তিনি লড়াই চালিয়ে যান। শেষদিকে শরিফুল ইসলামকে সঙ্গে পেয়ে ১২৯ রানে ৮ উইকেট হারানো অবস্থান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

Facebook Comments Box