মিরপুর: স্পিনবান্ধব উইকেট, লো-স্কোরিং ম্যাচ, আর রিশাদ হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং—সব মিলিয়ে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২০৭ রান। ইনিংসের শুরুতে ধীরগতির ব্যাটিং, মাঝপথে কিছুটা স্থিতি, আর শেষদিকে দ্রুত উইকেট পতন—সব মিলিয়ে সংগ্রহটা বড় না হলেও উইকেটের চরিত্রে তা যথেষ্ট প্রমাণিত হয়।

তাওহিদ হৃদয় (৫১) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪৬) ছিলেন ব্যাটিংয়ের মূল স্তম্ভ। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস দলকে ২০০ পার করায়।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও রিশাদ হোসেনের স্পিন আক্রমণে ভেঙে পড়ে তাদের ব্যাটিং। নিজের প্রথম সাত ওভারে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। শেষ স্পেলে আরও একটি উইকেট নিয়ে ছয় উইকেটের কীর্তি গড়েন তিনি।

ওয়ানডে ক্রিকেটে ছয় উইকেট পাওয়া চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে রিশাদ যোগ দিলেন মাশরাফি, রুবেল ও মোস্তাফিজের পাশে। তবে এই তালিকায় একমাত্র স্পিনার তিনিই।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৩৩ রানে। ওপেনিং জুটিতে ৫১ রান যোগ হলেও পরবর্তী ব্যাটাররা স্পিনের ঘূর্ণিতে ছন্নছাড়া হয়ে পড়েন।

ম্যাচসেরা হন রিশাদ হোসেন।

Facebook Comments Box