ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী পরিচয়ে যাতায়াতকারী সিনান ইবনে নিবিড় নামে এক যুবককে শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে নিজের নাম যুক্ত করে বিভিন্ন গ্রুপে লেখালেখি ও টিউশন করাতেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় যখন শহীদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থী তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং যাচাই করে নিশ্চিত হন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। পরে তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূরে আলম সিদ্দিকী জানান, “সে দীর্ঘদিন ধরে নিজেকে ঢাবির শিক্ষার্থী হিসেবে পরিচয় দিত এবং শহীদুল্লাহ হলে যাতায়াত করত। বিভাগীয় শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চাইলে সে সবাইকে ব্লক করে দেয়। সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিল এবং লেখালেখিও করত।”

জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু অভিভাবক না আসায় তাকে থানায় হস্তান্তর করা হয়। তবে কোনো মামলা দায়ের করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন প্রতারণা রোধে হলে প্রবেশ ও পরিচয় যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা হবে।

Facebook Comments Box