নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ব্যাট ও বল দু’দিকেই আধিপত্য বিস্তার করে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস না হলেও ম্যাচ শুরুতে ভারত ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করে। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। শেফালি ভার্মা ৮৭ ও স্মৃতি মান্ধানা ৪৫ রান করে ফেরেন। এরপর দীপ্তি শর্মার দায়িত্বশীল ইনিংস (৫৮ বলে ৫৮) এবং রিচা ঘোষের ঝড়ো ব্যাটিং (২৪ বলে ৩৪) ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ৬২ রানের মধ্যেই তারা হারায় তিন উইকেট। তবে অধিনায়ক লরা ভলভার্ট একাই লড়াই চালিয়ে যান। ৯৮ বলে ১০১ রানের সেঞ্চুরি তুলে নিলেও দীপ্তি শর্মার বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দলটি।
বল হাতে দীপ্তি শর্মা ছিলেন ভারতের নায়ক। ৩৯ রানে পাঁচ উইকেট নিয়ে তিনি ফাইনালের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড গড়েন। শেফালি ভার্মা বল হাতেও অবদান রাখেন দুটি উইকেট নিয়ে।
এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপে কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডই শিরোপা জিতেছিল। এবার প্রথমবারের মতো এশিয়ার কোনো দেশ ট্রফি ঘরে তুলল।




মন্তব্য করুন