ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান আবারও আলোচনায়। আসন্ন সিনেমা ‘সোলজার’–এর নতুন লুক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সেই লুকেই জনসম্মুখে হাজির হন।
কালো পোশাক ও কালো সানগ্লাসে তার আগমন মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজারো ভক্ত ভিড় করেন প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। শাকিব খান হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন।
সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমনও অভিনয়ে থাকছেন।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স জানিয়েছে, সিনেমাটিতে শাকিব খান একজন দেশপ্রেমিক চরিত্রে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।




মন্তব্য করুন