ভারতের জনপ্রিয় অভিনেতা ও বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবন শেষে তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটলো।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার ও এনডিটিভি জানিয়েছে, দুপুরে অভিনেতার বাড়িতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়। ইতোমধ্যে তার মেয়ে এশা দেওলসহ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। বলিউডের বিভিন্ন তারকার গাড়িও বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সে সময় তার অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লেও পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি চলছিল। স্ত্রী হেমা মালিনীও বিশেষ উদযাপনের পরিকল্পনা করেছিলেন।

ধর্মেন্দ্র অভিনীত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে শোলে (১৯৭৫), ধরম ভীর (১৯৭৭), ফুল অউর পাথর (১৯৬৬), সীতা অউর গীতা (১৯৭২) এবং যাদোঁ কি বারাত (১৯৭৩)। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি বলিউডের ইতিহাসে অন্যতম সফল অভিনেতা হিসেবে স্থান করে নেন।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন শোকাহত। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই বলছেন, ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন, বরং বলিউডের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের প্রতীক।

Facebook Comments Box