বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়োগ দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নতুন দলটি।

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেতা।

ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক মাধ্যমের পোস্টে পলাশের বিখ্যাত সংলাপের আদলে লেখা হয়, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’—যা দ্রুতই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে নোয়াখালীর এই দলটি বিপিএলে তাদের আগমনের বার্তা দেয়।

আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে দল গোছানোর কাজ শেষ করেছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে গুরুত্বপূর্ণ দেশি ও বিদেশি ক্রিকেটারদের।

সরাসরি চুক্তিতে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

অন্যদিকে, নিলাম থেকে তারা জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ) এবং সাব্বির হোসেনকে (১৪ লাখ) দলে নিয়েছে। এছাড়া বিদেশি কোটায় ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার) ও হায়দার আলীকে (২৫ হাজার ডলার) নিয়েছে দলটি।

Facebook Comments Box