—
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শনিবার (১৩ ডিসেম্বর) চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্যুরের ‘প্রধান আয়োজক’কে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ শামীম বার্তা সংস্থা এএফপিকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তিনি উল্লেখ করেন, মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও ভক্তদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একই সঙ্গে এই বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানের জন্য তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ উপলক্ষে শনিবার ভোরে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উৎসবের আমেজ রূপ নেয় তীব্র উত্তেজনায়। কয়েক হাজার সমর্থক যখন মেসির নামাঙ্কিত জার্সি পরে স্টেডিয়ামে জড়ো হন, তখন ভিআইপি ও আয়োজক কমিটির সদস্যদের অত্যধিক ভিড়ে তাঁকে আড়াল করে ফেলা হয়।
গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাদের প্রিয় তারকাকে এক ঝলকও দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং বোতল, চেয়ার ছুড়তে শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে ভিড় কমানোর অনুরোধ করেও ব্যর্থ হন।
বিশৃঙ্খলার শুরুতেই ৩৮ বছর বয়সী এই ফুটবলার মাঠ ছাড়তে বাধ্য হন। তিনি চলে যাওয়ার পর গ্যালারির বেষ্টনী টপকে প্রায় দুই হাজার দর্শক মাঠে ঢুকে পড়ে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করতে হয়।
ভাস্কর্য উন্মোচন এবং সাবেক ভারতীয় ফুটবলারদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের পর মেসি ‘ল্যাপ অব অনার’ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ভিড় সরাতে না পারায় তা বাতিল হয়ে যায়। এই অপ্রীতিকর ঘটনার কারণে সূচিতে থাকা একাধিক কর্মসূচি অসম্পূর্ণ রেখেই নির্ধারিত সময় অনুযায়ী মেসিকে কলকাতা থেকে হায়দরাবাদে যাওয়ার কথা।

মন্তব্য করুন