ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে দেখা যাবে বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান কেড়ে। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে দীর্ঘ দরাদরি শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামের শুরুতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে পেতে প্রথম বিড করে তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াই শেষে বড় অংকের বিনিময়ে কেকেআরের বেগুনি শিবিরে ঠাঁই হয় এই বাঁহাতি পেসারের।

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ। তিনি লিখেছেন, ‘এখন পার্পল রঙে স্বপ্ন দেখছি। কেকেআর পরিবারে যোগ দিতে এবং মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’ আইপিএল ক্যারিয়ারে এটি মুস্তাফিজের ষষ্ঠ দল হতে যাচ্ছে।

উল্লেখ্য, এবারের নিলামে সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও দল পেয়েছেন মাত্র দুজন। মুস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদও নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। তবে দল না পেয়ে অবিক্রিত থেকে গেছেন বাকি পাঁচজন বাংলাদেশি। এর আগে হায়দরাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন মুস্তাফিজ।

Facebook Comments Box