আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার যে কঠোর সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তার পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। কেবল সমর্থনই নয়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানকেও এই বিশ্বকাপ বয়কট করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ এক আলোচনায় রশিদ লতিফ বলেন, “পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না হয়, তবে বিশ্বকাপের অর্ধেক আকর্ষণই শেষ হয়ে যাবে। বর্তমান ক্রিকেট বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সুযোগ। পাকিস্তানের উচিত স্পষ্টভাবে বলা যে তারা বাংলাদেশের পাশে আছে এবং এই বিশ্বকাপ খেলবে না।”
নিরাপত্তা প্রশ্নে আইসিসির আশ্বাসের কঠোর সমালোচনা করে সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, “আইসিসি কীভাবে বলতে পারে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই? পৃথিবীর কোনো সংস্থাই কি শতভাগ গ্যারান্টি দিতে পারে যে কোনো বিপদ হবে না? এমনকি সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না।”
রশিদ লতিফ মনে করেন, আইসিসির এই একগুঁয়েমির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং পাকিস্তান যদি এখন শক্ত অবস্থান নেয়, তবে আইসিসি বড় ধরনের চাপে পড়বে। উল্লেখ্য, বিসিবি ও বাংলাদেশ সরকার ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তর না করা হলে তারা বিশ্বকাপে অংশ নেবে না। এই পরিস্থিতিতে রশিদ লতিফের এই মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।




মন্তব্য করুন