বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের গৌরব নিয়ে নিজ শহরে ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার (২৬ জানুয়ারি) ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজয়ী ক্রিকেটারদের গণসংবর্ধনা জানায় রাজশাহী নগরবাসী।

সোমবার সকালে হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে পৌঁছান চ্যাম্পিয়ন দলের সদস্যরা। সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমসহ অন্য খেলোয়াড়রা ট্রফি হাতে একটি সুসজ্জিত ছাদখোলা বাসে ওঠেন। বিমানবন্দর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই সংবর্ধনা শোভাযাত্রা।

বিজয় মিছিল চলাকালে রাস্তার দুই পাশে হাজারো ক্রিকেটপ্রেমী ভিড় জমান। সমর্থকরা প্ল্যাকার্ড ও পতাকা নেড়ে খেলোয়াড়দের অভিবাদন জানান। শোভাযাত্রার সাথে যুক্ত হওয়া মোটরসাইকেল বহর পুরো নগরীতে উৎসবের আমেজ তৈরি করে। ট্রফি উঁচিয়ে ধরে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন ক্রিকেটাররা।

স্থানীয় বাসিন্দারা এই সাফল্যকে রাজশাহীর ক্রীড়া ঐতিহ্যের নতুন গৌরবময় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিপিএল শিরোপা ঘরে আসায় নগরজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box