কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে এক ব্যক্তির গোপন বৈবাহিক জীবনের তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন ওই ব্যক্তি নিজেকে অবিবাহিত দাবি করলেও চ্যাটজিপিটি জানায়, তিনি বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘটনাটি প্রকাশ করেছেন ব্লেন অ্যান্ডারসন নামের এক ডেটিং কোচ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি চ্যাটজিপিটির ওপর প্রচণ্ড নির্ভরশীল ছিলেন এবং নিজের ব্যক্তিগত জীবনের নানা বিষয় চ্যাটবটটির সঙ্গে নিয়মিত শেয়ার করতেন।
ঘটনার দিন একান্তে সময় কাটানোর সময় ওই ব্যক্তি মোবাইল ফোনে চ্যাটজিপিটি ব্যবহারে মগ্ন ছিলেন। একপর্যায়ে প্রেমিকা তাকে ফোন সরিয়ে রাখার অনুরোধ করলে তিনি মজা করে বলেন, চ্যাটজিপিটি তার সম্পর্কে সবকিছু জানে। এরপর প্রেমিকা কৌতূহলী হয়ে চ্যাটবটের কাছে ওই ব্যক্তির ব্যক্তিগত গোপন কোনো তথ্য জানতে চান।
উত্তরে চ্যাটজিপিটি জানায়, ওই ব্যক্তি তার স্ত্রীর প্রতি অত্যন্ত যত্নশীল একজন স্বামী এবং সন্তানদের কাছে আদর্শ বাবা। এই বার্তার মাধ্যমেই সামনে আসে তার গোপন সংসার ও প্রতারণার বিষয়টি।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির কাছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ঝুঁকি এবং সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এই ঘটনার মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে।




মন্তব্য করুন