অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

বিরোধীদলীয় নেতার সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় জোটের শীর্ষ নেতা এটিএম আজহারসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় জোটের নেতারা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ১১ দলীয় জোটের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শহীদ মিনারে সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর তিন বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়।

Facebook Comments Box