গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় গুরুতর আহত কাশেম শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাশেম গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসিন্দা, তার বাবা প্রয়াত জামাল হাজী।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, “গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়েছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই।” তিনি আরও লিখেছেন, “ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।”
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুর সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালায়।
সেদিন রাতেই আহত ১১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে কাশেমের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।




মন্তব্য করুন