অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন ইতিহাসের যেকোনো পর্বের তুলনায় অধিক শক্তিমান, উদ্দীপ্ত এবং সৃজনশীল। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন পূর্ববর্তী যেকোনো প্রজন্মের তুলনায় অনেক বেশি দূরদর্শী ও সাহসী।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজ হাতে বিশিষ্ট ব্যক্তি ও দলের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, “তরুণরা শুধু একটি নতুন বাংলাদেশ গড়তে চায় না, বরং একই আত্মপ্রত্যয় নিয়ে বিশ্বকে নতুন রূপ দিতে চায়। তারা এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্ম ‘বিপর্যয়কর ও আত্মঘাতী সভ্যতা’ পরিহার করে এমন একটি বিশ্ব গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষ সম্পদের ওপর সমান অধিকার ভোগ করবে।
এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিল্পকলায় আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খানসহ একটি দল, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল।
প্রত্যেক পদকপ্রাপ্তকে ১৮ ক্যারেট স্বর্ণের ৩৫ গ্রাম ওজনের একটি পদক, চার লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
সূত্র: বিবিসি




মন্তব্য করুন