জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অনেকে বিতর্কিত, কেউ অগ্রহণযোগ্য, আবার কেউ ‘দিনের ভোট রাতে’ নির্বাচন বলে আখ্যায়িত করেন। ওই সময়ের রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, যা এখন আলোচনার বিষয়। এই সরকার তিন মেয়াদে ক্ষমতায় থাকার ফলে আমরা বর্তমানে এক ধরনের সংকটে পড়েছি। সে সময়ের ডিসিরা বড় ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে কেউই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেননি বা প্রতিবাদ করেননি।”
সচিব আরও জানান, ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে, আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “যারা আগে ডিসি ছিলেন এবং বর্তমানে সচিব পদে রয়েছেন, এমন ২২ জনের বিরুদ্ধে আজ বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করা হয়েছে।”

মন্তব্য করুন