দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ১,৪০১ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার রাতে এই গেজেট প্রকাশ করে। এতে আহতদের নাম, মেডিকেল কেস আইডি, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলা উল্লেখ করা হয়েছে।
আহতদের সহায়তার জন্য সরকার তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে—‘এ’ (অতি-গুরুতর), ‘বি’ (গুরুতর) ও ‘সি’ (সামান্য আহত)। প্রকাশিত গেজেটে ৪৯৩ জন ‘এ’ ক্যাটাগরির ও ৯০৮ জন ‘বি’ ক্যাটাগরির আহত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ‘সি’ ক্যাটাগরির ১০,৬৪৮ জনের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
সহায়তার পরিমাণ ও সুযোগ-সুবিধা
ক্যাটাগরি এ (অতি-গুরুতর আহত)
এই তালিকায় ৪৯৩ জন রয়েছেন, যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে অক্ষম।
- এককালীন ৫ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ)
- মাসিক ২০ হাজার টাকা ভাতা
- সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা
- দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগ (মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে)
- পুনর্বাসন সুবিধা ও কর্মসহায়ক প্রশিক্ষণ
- বিশেষ পরিচয়পত্র, যা সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তিতে সহায়ক হবে
ক্যাটাগরি বি (গুরুতর আহত)
এই তালিকায় থাকা ৯০৮ জন পর্যাপ্ত চিকিৎসার পরও আংশিক সহায়তার ওপর নির্ভরশীল।
- এককালীন ৩ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ)
- মাসিক ১৫ হাজার টাকা ভাতা
- কর্মসহায়ক প্রশিক্ষণ ও সরকারি/আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার
- বিশেষ পরিচয়পত্র, যা সরকারি সুবিধা গ্রহণে কার্যকর হবে
ক্যাটাগরি সি (সামান্য আহত)
এই তালিকায় ১০,৬৪৮ জন রয়েছেন, যারা চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ। তাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
- এককালীন ১ লাখ টাকা সহায়তা
- মাসিক ১০ হাজার টাকা ভাতা
- পুনর্বাসন সুবিধা ও বিশেষ পরিচয়পত্র
এর আগে, গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। নিহতদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা সহায়তা পাবেন। এছাড়া, আগামী মার্চ থেকে তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্তব্য করুন