বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। প্রাথমিকভাবে ২ মার্চ শুনানির দিন নির্ধারিত হলেও দুদকের আবেদনে তা একদিন পিছিয়ে ৩ মার্চ অনুষ্ঠিত হয়। গত ২৭ নভেম্বর হাইকোর্ট বেগম খালেদাকে ৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে এই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিল নিম্ন আদালত। একই সঙ্গে মামলার অন্য তিন আসামিকেও সমান মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করা হয়। এছাড়া ট্রাস্টের নামে কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের পক্ষে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

Facebook Comments Box