নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা এখন এক নিঃসন্তান মায়ের আদরে নিরাপদ আশ্রয়ে। বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন চিকিৎসা ও সেবার পর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া হয়।

সোনারগাঁ সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, রোববার আনুষ্ঠানিকভাবে শিশুটিকে পৌর এলাকার নিঃসন্তান ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু ও তার স্ত্রীকে হস্তান্তর করা হয়।

ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমার উদ্যোগে নায়লার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি মোগরাপাড়া হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর থেকে তার সব ধরনের চিকিৎসা ও যত্নের দায়িত্ব নেয় ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, “নবজাতকরা নিষ্পাপ। কোনো মা যদি অসচ্ছলতা বা অক্ষমতার কারণে সন্তান লালন-পালনে অক্ষম হন, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে শিশুটির দায়িত্ব আমরা নেব।”

Facebook Comments Box