কুষ্টিয়ায় নিষিদ্ধ যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১০ দিনমজুর শ্রমিককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় জেলখানা মোড় থেকে কোদাল ও ঝুড়িসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সালাম সর্দার (৪৫), আলতাফ শেখ (৩৫), সূর্য শেখ (৫৭), আলম খান (৪৮), মোতালেব (৫৫), খোসবার ঘরামি (৫০), ফরিদ ব্যাপারী (৪৫), সাইদুর রহমান (৫৫), নজিম উদ্দিন মন্ডল (৫৫) ও আব্দুল খালেক (৬৫)।
পুলিশ জানায়, আওয়ামী লীগের লোকজন ৬০০ টাকা হাজিরায় শ্রমিকদের ভাড়া করে মিছিলে অংশ নিতে বাধ্য করে। শ্রমিকরা বালু ফেলার কাজের জন্য এসেছিলেন, কিন্তু মিছিলে দাঁড়াতে বলা হয়। পুলিশ মিছিল দেখে হাতেনাতে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে নাশকতার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শ্রমিকদের স্বজনরা দাবি করেন, তারা রাজনীতির সঙ্গে জড়িত নন এবং শুধু দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। ঘটনাটি কুষ্টিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




মন্তব্য করুন