প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এবারের প্রতিপাদ্য ‘অ্যাক্রেডিটেশন: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষমতায়ন’-এর সময়োপযোগিতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের বড় অবদান রয়েছে। এই খাত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, পরিবর্তনশীল চাহিদা ও আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি। অ্যাক্রেডিটেশন গুণগত মান নিশ্চিত করে, কারিগরি দক্ষতা বাড়ায়, বাণিজ্যের বাধা দূর করে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ পর্যন্ত ১৫৫টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সনদ দিয়েছে।

ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের এসএমই উন্নয়ন ও টেকসই শিল্পায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিএবি ও সংশ্লিষ্টদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box