গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে সন্ত্রাসী হামলার সময় সেনাবাহিনীর এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) তাদের সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তুহিন জানান, ঘটনার সময় চারপাশে গুলি, ককটেল বিস্ফোরণ ও চরম উত্তেজনার মধ্যে সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। সেনা কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শীর্ষ নেতাদের নিরাপত্তার স্বার্থে এপিসিতে তোলা হয়, যদিও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রথমে তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত তুহিন ও অন্যরা জোরপূর্বক তাদের এপিসিতে তুলে নিরাপত্তা নিশ্চিত করেন।
তুহিন অভিযোগ করেন, বহরটি গোপালগঞ্জ ত্যাগের সময় নাহিদ ইসলামের গাড়িকে লক্ষ্য করে ককটেল, গুলি ও ইট ছোড়া হয়। এতে নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন। দুটি গাড়ির মারাত্মক ক্ষতি হয়।
তিনি আরও বলেন, কয়েক হাজার অস্ত্রধারীর হামলার মধ্যে চার ঘণ্টা টিকে থাকা সত্ত্বেও শুধুমাত্র ‘এপিসি ইস্যু’ নিয়ে সমালোচনাকে দুঃখজনক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। দলীয় নেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য বলে জানান তুহিন।

মন্তব্য করুন