রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জোরালো ভাষায় বলেছেন, “বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের কোনো স্থান হবে না।”
সমাবেশে সারজিস আরও বলেন, “আমরা অভ্যুত্থান-পরবর্তী কৃত্রিম সুশীল সরকার চাই না। দেশের নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনে আসতে হবে। তবে কেউ চাঁদাবাজি করলে সেটাও স্পষ্টভাবে বলবো।”
জামায়াত আয়োজিত এ জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ একাধিক ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়।
সমাবেশ শুরু হয় সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নামাজের বিরতির পর বিকেল ২টায় সমাবেশের মূল অধিবেশন শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।




মন্তব্য করুন