বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোশাক নীতিমালা প্রণয়ন করেছে। ২১ জুলাই জারি করা এই নির্দেশনায় পুরুষদের জন্য ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা পরার নির্দেশ দেওয়া হয়েছে, জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে। নারীদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না বা শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে, যা হতে হবে সাদামাটা ও পেশাদার রঙের। ছোট হাতা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩ অনুসারে আচরণবিধি মেনে চলার কথা উল্লেখ করা হয়েছে। যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ ৩০ কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই নীতিমালার উদ্দেশ্য কাজের পরিবেশে পেশাদারিত্ব ও সমন্বয় বৃদ্ধি। তবে নারী নেত্রীরা এই নির্দেশনার সমালোচনা করে বলেছেন, উচ্চ মর্যাদার প্রতিষ্ঠানে পোশাকের বাধ্যবাধকতা প্রশ্নবিদ্ধ। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এটি পরামর্শমূলক নির্দেশনা, যার মাধ্যমে পোশাকের বৈচিত্র্য কমিয়ে সহকর্মীদের মধ্যে মানসিক বৈষম্য দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বোরকা বা হিজাবের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।

মন্তব্য করুন