ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর ভারতের বিলোনিয়া চেকপোস্টে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্ত পিলার ২১৬৪/৩-এস অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢোকার সময় বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হন লিটন, মিল্লাত ও আফছার। ঘটনাস্থলে লিটন গুরুতর আহত হয়ে পরে মারা যান। মিল্লাত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনী হাসপাতালে। আহত আফছারকে (৩০) উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

মরদেহ হস্তান্তরের সময় বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন, বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের কমান্ডার এএস বীরেন্দ্র সিং এবং উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরশুরাম থানার ওসি জানান, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box