দুর্নীতি ও জবাবদিহির অভাবের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ঘুষের পরিমাণ ভয়াবহভাবে বেড়েছে। আগে যেখানে ব্যবসায়ীরা কাজ করাতে ১ লাখ টাকা ঘুষ দিতেন, এখন ৫ লাখ টাকাও যথেষ্ট নয়।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “পুলিশি সেবায়ও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এবং আগের সরকারের অনিয়মের সঙ্গে জড়িত থাকার কারণে আত্মবিশ্বাসহীন হয়ে পড়েছে।”
তিনি বলেন, “গণতন্ত্র চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা যায় না, এর জন্য প্রয়োজন গণতান্ত্রিক সংস্কার ও একটি প্রতিনিধিত্বশীল সংসদ।”
বিএনপি মহাসচিব রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের কথা বলেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে ভবিষ্যতে সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েও সতর্ক করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ড. হোসেন জিল্লুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।




মন্তব্য করুন