জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে একটি নতুন ও প্রগতিশীল রাষ্ট্র গড়ে উঠবে। শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানাস্থ স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
পদযাত্রা শেষে আয়োজিত এই সমাবেশে তিনি কিশোরগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “রাষ্ট্রপতি পেয়েছেন, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য অধিকার পাননি। হাওরাঞ্চলে স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই; হাসপাতাল আছে, কিন্তু চিকিৎসক নেই; কর্মসংস্থানের অভাব প্রকট।”
তিনি অভিযোগ করেন, এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এবং বহু মামলার আসামি অধরাই রয়ে গেছে।
নাহিদ ইসলাম সকলকে ফ্যাসিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও আহনাফ সাঈদ খান প্রমুখ।

মন্তব্য করুন