বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা অনুদান দেবে সৌদি সরকার। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এ তথ্য জানান। সৌদি রাজকীয় অনুদান থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা জানান, ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে জমি প্রস্তাব পাওয়া গেছে, দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাক্ষাতে সৌদি ভিশন-২০৩০ ও বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুম সংখ্যা বৃদ্ধি, পানি-বিদ্যুৎ সরবরাহ এবং মিনার তাঁবুর বিছানা বড় করার অনুরোধ করা হয়।

এছাড়া আরএফআইডি প্রযুক্তিতে হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় আলোচনায় উঠে আসে।

সাক্ষাতে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box