রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সম্ভাব্য সহিংসতা ও হামলার পরিকল্পনা করতে পারে—এমন গোয়েন্দা আশঙ্কায় পুলিশ আগামী ১১ দিন, অর্থাৎ ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ‘বিশেষ সতর্কতা’ চালু করেছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, এই সময়ে আওয়ামী লীগের ভার্চুয়াল ও অফলাইন নেটওয়ার্ক সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, অস্থিতিশীলতা ও উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। ইতোমধ্যে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে।
চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ঘিরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সরকারবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে আওয়ামী লীগের বিভিন্ন গোষ্ঠী। তাই সন্দেহভাজন ব্যক্তি-যানবাহনে নজরদারি, স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার পেছনে পাচার করা অর্থ ব্যবহারের ষড়যন্ত্র চলছে এবং দেশ-বিদেশে অবস্থানরত নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য করুন