অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, সরকারি টেন্ডার সংক্রান্ত ঘুষচেষ্টা প্রতিহত করায় কিছু প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
স্ট্যাটাসে তিনি জানান, বিটিভির একটি টেন্ডার কাজে ঘুষের প্রস্তাব আসে, যা তিনি নাকচ করে দেন। এতে স্বার্থহানির শিকার হয়ে এক পক্ষ কথোপকথনের রেকর্ড ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একজন সাংবাদিক সেটির পেছনের উদ্দেশ্য বুঝে তা প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টা মাহফুজ লিখেছেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কিছু মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই একে একে প্রকাশ পাবে।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও বিগত ১২ মাসে কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমার কাছে রাষ্ট্রীয় দায়িত্বই পবিত্র আমানত।”
উপদেষ্টা মাহফুজ অভিযোগ করেন, ‘জুলাই আন্দোলন’ কিছু গোষ্ঠীর কাছে রাজনৈতিক সুযোগ তৈরির মাধ্যম হয়ে উঠেছে, এবং তার অবস্থানের কারণে তারা ক্ষুব্ধ। তিনি সকলকে গুজব ও স্বার্থান্বেষী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন