হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক খাতের কোম্পানি হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডার চেয়ারম্যান হান চুন এ ঘোষণা দেন।
হানডা প্রথমে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও, বিডা, বেজা ও বেপজার সহায়তায় তা বৃদ্ধি করে ২৫০ মিলিয়নে উন্নীত করেছে।
এই বিনিয়োগে তিনটি কারখানা স্থাপন করা হবে—দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট—যা ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।
হানডা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বাংলাদেশের পোশাক খাতে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইনার প্রশিক্ষণ প্রবর্তনের মাধ্যমে খাতটির মানোন্নয়ন করতে চান।
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে।
এটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন