রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক ছাত্রদল সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “জুলাই আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের কোনো জায়গা নেই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হওয়া সময়ের দাবি।”

রোববার (৩ আগস্ট) বিকেলে আয়োজিত এ সমাবেশে এ্যানি বলেন, ছাত্রদল নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে জুলুমের শিকার হয়েও আন্দোলনে সোচ্চার থেকেছে। তিনি ‘হেলমেট বাহিনী’ বলে আখ্যা দিয়ে ছাত্রলীগের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের আকাঙ্ক্ষা পূরণ না হলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। সকল রাজনৈতিক শক্তিকে এই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতারা এবং সাবেক ছাত্রনেতারা।

সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Facebook Comments Box