আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

গত বছরের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগে বাধ্য হন। পরে ৮ আগস্ট গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, যা ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।

দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনভর থাকবে নানা কর্মসূচি, যার মধ্যে রয়েছে—জুলাই শহীদদের স্মরণে মোনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠান, গাছ রোপণ ও বিজয় মিছিল। দেশের ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূস তাঁর বাণীতে বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার প্রতীক।” তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চলছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে ফ্যাসিবাদবিরোধী চেতনার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শূন্য, সোলস, আর্টসেল, ওয়ারফেজসহ নামকরা শিল্পীরা। সন্ধ্যায় থাকবে ড্রোন ড্রামা প্রদর্শনী।

Facebook Comments Box