নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাসীকে আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে ফেরার পথে দুটি গাড়িতে করে পরিবারের সদস্যরা লক্ষ্মীপুরে ফিরছিলেন। একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতদের সবাই ওমানপ্রবাসী একজনকে আনতে গিয়েছিলেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি খালে পড়ে যায়। সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। ওমানপ্রবাসী ব্যক্তি বেঁচে গেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ পরিচালিত হয় এবং রেকারের সাহায্যে গাড়িটি খাল থেকে তোলা হয়।

মন্তব্য করুন