সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকা তল্লাশি করে দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহসহ নানা সহায়তা দিয়ে আসছিল।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন