পার্বত্য রাঙামাটির ঐতিহ্যবাহী পর্যটন স্পট ‘ঝুলন্ত সেতু’ টানা দুই সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকায় হতাশ পর্যটকরা। গত ৩০ জুলাই বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সেতুটি পানিতে তলিয়ে যায়, যা এখনও ব্যবহারের অযোগ্য।
এই সেতুটি রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের ওপর নির্মিত, যা দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। বছরে লাখো পর্যটক এখানে আসেন সেলফি তোলা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তবে বর্তমানে সেতুটি ডুবে থাকায় অনেকেই ফিরে যাচ্ছেন অপ্রাপ্তি নিয়ে।
স্থানীয় পর্যটক ব্যবসায়ীরা জানান, কাপ্তাই হ্রদের তলদেশে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় সেতুটি নিয়মিত ডুবে যায়। দীর্ঘদিন ধরে হ্রদ ড্রেজিং ও সেতুটি উঁচু করে পুনর্নির্মাণের দাবি থাকলেও কোনো অগ্রগতি হয়নি।
রাজশাহী থেকে আসা পর্যটক মাসুদ রানা বলেন, “পরিবার নিয়ে এসে সেতু না দেখে খুবই হতাশ হয়েছি। কর্তৃপক্ষ দ্রুত সমাধান করলে পর্যটকরা উপকৃত হবেন।”
রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নতুন করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আধুনিকায়ন হলে পর্যটকদের জন্য এটি স্থায়ী আকর্ষণ হয়ে উঠবে।




মন্তব্য করুন