জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে গ্রহণ করা যায় না। তবে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগের কথা তিনি স্বীকার করেন। পাশাপাশি, তাঁর শাসনামলে সংঘটিত জাতীয় ট্র্যাজেডি এবং বাংলাদেশকে ভারতের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করার অভিযোগও তিনি উল্লেখ করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তাঁর পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কেন্দ্রে ছিল ‘মুজিব পূজা’ এবং ‘মুক্তিযুদ্ধ পূজা’, যা তিনি রাজনৈতিক মূর্তিপূজা হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই কৌশল জনগণকে দমন, দেশের সম্পদ লুণ্ঠন এবং নাগরিকদের মধ্যে শ্রেণিবিভাগ তৈরির জন্য ব্যবহৃত হয়েছে। তিনি এটিকে একবিংশ শতাব্দীর জমিদারতন্ত্রের সঙ্গে তুলনা করেন, যা গণতন্ত্রের মুখোশে পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম, কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে বিবেচনা করে শাসন করেছে। শেখ মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দেওয়া হয়েছে। তাঁর মতে, ১৯৭২ সালের সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা একদলীয় বাকশাল শাসনের ভিত্তি তৈরি করেছিল।
নাহিদ ইসলাম লিখেছেন, ২০২৪ সালের জনগণের অভ্যুত্থান এই জমিদারতন্ত্রকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, “‘জাতির পিতা’ উপাধি ইতিহাস নয়, বরং এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার, যা মতপ্রকাশের স্বাধীনতা দমন ও রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহৃত হয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।
তিনি ‘মুজিববাদ’কে একটি ফ্যাসিস্ট আদর্শ হিসেবে অভিহিত করে বলেন, এটি গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, জাতীয় সম্পদ লুণ্ঠন, ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের জমি দখলের নীতির প্রতিনিধিত্ব করে। তিনি দাবি করেন, এই আদর্শ জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে।
তিনি আরও লিখেছেন, “মুজিববাদ একটি জীবন্ত বিপদ। এটির বিরুদ্ধে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য একটি সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো ব্যক্তি, দল বা পরিবার জনগণের ঊর্ধ্বে নয়।”




মন্তব্য করুন