বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালক আজিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টার মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামির বিরুদ্ধে অভিযোগ, গত বছর ৪ আগস্ট নিউমার্কেট-সায়েন্সল্যাব এলাকায় একটি মিছিলে গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়, যাতে ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এ বছর ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়।

মামলার তদন্তকারী উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে আবেদন করেন যে, আজিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর বয়ানে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মানসিক তদন্তের স্বার্থে জেলহাজতে রাখার আবেদন করা হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল দিতে আসেন। সেখানে উপস্থিত কয়েকজন তাকে মারধর করেন এবং তার রিকশাও ভাঙচুরের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়। মারধরের পর কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box