রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল জাতীয় নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে মতবিনিময় করেছে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আলোচনায় উঠে এসেছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার করণীয় এবং ষড়যন্ত্র মোকাবিলার উপায়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন—সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন। তবে লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাহের আশঙ্কা প্রকাশ করেন, পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামীদের অংশগ্রহণ সংকুচিত হয়ে পড়বে।

বৈঠকে আরও আলোচিত হয় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রয়োজনীয়তা। তাহের জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা ৩১টি দলের মধ্যে ২৫টি দল এই পদ্ধতির পক্ষে। জামায়াতসহ অনেকেই উচ্চ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর চায়। তিনি সতর্ক করেন, মেজরিটিকে উপেক্ষা করে চাপের মুখে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।

জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে কিছু দল—এমন অভিযোগ তুলে তাহের বলেন, এই সনদের অধীনেই নির্বাচন হওয়া উচিত, না হলে তা হবে শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া উচিত।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে তাহের বলেন, এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং সবার বিচার হওয়া জরুরি।

Facebook Comments Box