বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ৪ সংসদ সদস্যসহ মোট ২৪ জন আসামির ভার্চুয়াল হাজিরা গ্রহণ করেছে ঢাকার একটি আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত জুম প্ল্যাটফর্মে কারাগার থেকে তাদের হাজিরা নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সমাজকল্যাণ মন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা ও সংসদ সদস্য।
রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে নিরাপত্তা ঝুঁকি ও জনরোষের আশঙ্কায় আদালত প্রাঙ্গণে সরাসরি হাজিরার পরিবর্তে ভার্চুয়াল উপস্থিতির ব্যবস্থা করা হয়। আদালত সূত্র জানায়, জনসাধারণের ক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




মন্তব্য করুন