ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন আবু সাদিক কায়েম। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে প্রায় তিনগুণ বেশি।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। জগন্নাথ হল ছাড়া সব কেন্দ্রেই সাদিক কায়েম বড় ব্যবধানে জয় পান। জগন্নাথ হলে তিনি মাত্র ১০টি ভোট পেলেও আবিদুল সেখানে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।
নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র জোটের উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, শামীম হোসেন ২ হাজার ৩৮৫, বৈষম্যবিরোধী প্যানেলের আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের ইমি পেয়েছেন ১১ ভোট।
ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবিদুল, উমামা ও কাদের। তারা ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন। বিজয়ী সাদিক কায়েম ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

মন্তব্য করুন