ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র সংযোজন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ। তিনি জানান, ভোটারদের সংখ্যা ও কাঠামো বিবেচনা করে কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে।

ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট হিসাব অনুসরণ করা হয়েছে। পুরুষদের জন্য প্রতি ৬০০ ভোটারে একটি কক্ষ এবং নারীদের জন্য প্রতি ৫০০ ভোটারে একটি কক্ষ ধরা হয়েছে। ফলে পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৬১৮টি। ইসি জানিয়েছে, খসড়া তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসব পর্যালোচনা শেষে ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২০ অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।

আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ধাপে ধাপে কাজ চালিয়ে যাচ্ছে কমিশন।

Facebook Comments Box