সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২১তমবারের মতো পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছে আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই নতুন দিন ধার্য করেন, কারণ তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শুরু হয় থানার এক উপ-পরিদর্শকের মাধ্যমে। পরে তদন্তভার হস্তান্তর হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে, যারা দুই মাসের বেশি সময়েও রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। এরপর হাইকোর্টের নির্দেশে মামলাটি র্যাবের কাছে যায়, এবং ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবকে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।
হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়, যার প্রতিবেদন আগামী ছয় মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে যাওয়ায় মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে।

মন্তব্য করুন